স্বজনপ্রীতিমুক্ত ও বিশ্বমানের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় গড়ার ঘোষণা মির্জা ফখরুলের
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চশিক্ষার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করতে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি, দলীয়করণ কিংবা রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না। যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশে স্থাপিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যেতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “এখানে কোনো দলীয় প্রভাব চলবে না, কোনো স্বজনপ্রীতিও চলবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে, তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। সেই দাবির পরিপ্রেক্ষিতেই সরকার দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগও সম্পন্ন হয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক