জিয়াউর রহমানের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকের দিনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দেশের কোটি মানুষের জন্য শোক ও স্মৃতিবিজড়িত একটি দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অগ্রগতির জন্য কাজ করে গেছেন। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে তাঁর যে ঐতিহাসিক ভূমিকা শুরু হয়েছিল, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামেই তিনি শাহাদাতবরণ করেন।”
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আদর্শ ও ত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে জাতীয় ঐক্য গড়ে তুলে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হয়। বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”
বর্তমান সরকারের গণতন্ত্রের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক ধারায় পরিচালিত হবে। ৫ আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের যে চেতনা ও আকাঙ্ক্ষা, তার আলোকে দেশের গণতান্ত্রিক ভিত্তিকে আরও সুদৃঢ় করা হবে।”
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের কথাও স্মরণ করেন। তিনি বলেন, “দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়া অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে। একই সঙ্গে দেশ ও জনগণের সেবায় নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক