২৫ মার্চের রাতে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল না, দাবি আলতাফ চৌধুরীর
পটুয়াখালী প্রতিনিধি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর হামলা চালালে আওয়ামী লীগের কোনো নেতাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য খুঁজে পাওয়া যায়নি। সে সময় দেশের সংকটময় মুহূর্তে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন বলে তিনি দাবি করেন।
শনিবার (৩০ মে) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, দেশের স্বার্থে ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১৭ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠন করেন। একই বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, বিএনপি দেশের একটি ঐতিহাসিক রাজনৈতিক দল এবং নানা সময়ে দলটিকে বিভক্ত করার চেষ্টা হলেও তা সফল হয়নি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও একজন সফল রাষ্ট্রনায়ক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্ক প্রতিষ্ঠার উদ্যোগে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাঁর শাসনামলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিভিন্ন রপ্তানি খাতে অগ্রগতি সাধিত হয় বলেও তিনি উল্লেখ করেন।
দুর্নীতির বিরুদ্ধে জিয়াউর রহমানের অবস্থানের কথা তুলে ধরে আলতাফ চৌধুরী বলেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছিলেন। তাঁর আদর্শ অনুসরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলে আসছেন।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করতে জিয়াউর রহমান বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। এসব উদ্যোগ দেশের প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোকে আরও কার্যকর করতে সহায়তা করেছে।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক