যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য বড় সুখবর, মাত্র ২ কর্মদিবসেই ভিসা প্রক্রিয়া সম্পন্ন
যুক্তরাষ্ট্রে অভিবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আনতে আগামী ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসা আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণের ঘোষণা দিয়েছে দূতাবাস।
রোববার (৩১ মে) দুপুরে মার্কিন দূতাবাসের এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাসের ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জুন থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। এর ফলে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।
এ বিষয়ে আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য জানার জন্য ‘ডিরেক্টরি অব ভিসা ক্যাটাগরিজ’ (ভিসা ক্যাটাগরির নির্দেশিকা) পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে দূতাবাস। পাশাপাশি ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিজ’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
মার্কিন দূতাবাসের এ উদ্যোগে ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন অভিবাসনপ্রত্যাশীরা। দীর্ঘ অপেক্ষার পরিবর্তে দ্রুত সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির সুযোগ পাওয়ায় আবেদনকারীদের ভোগান্তিও কমবে বলে ধারণা করা হচ্ছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক