জুনে জ্বালানি তেলের নতুন ধাক্কা, লিটারপ্রতি ৫ টাকা বাড়ল পেট্রল-অকটেন ও কেরোসিন
দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন এ মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। সে সময় ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সর্বশেষ ঘোষণায় ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হলেও অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। ফলে নতুন মূল্য কার্যকরের পর পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় রেখে নিয়মিতভাবে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক