‘জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়ায় বাংলাদেশ’; সিলেটে বিএনপির আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর দূরদর্শী নেতৃত্ব ও বলিষ্ঠ কূটনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে।
রোববার (৩১ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সফল ও দূরদর্শী পররাষ্ট্রনীতির ফলেই বাংলাদেশ একসময় ভোটে জাপানকে পরাজিত করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যপদ অর্জন করেছিল। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর তিনি অল্প সময়ের মধ্যেই দেশের প্রশাসন, অর্থনীতি ও উন্নয়ন ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন।
তিনি আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সংকটময় সময়ে জিয়াউর রহমান দেশের অর্থনৈতিক পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম. এ. মালিক, মিফতাহ্ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম জালালি পংকি এবং বদরুজ্জামান সেলিম।
এছাড়া মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেন এবং শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক