ভিউয়ের প্রতিযোগিতায় অপসাংবাদিকতা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

  • এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক
  • আপলোড সময় : ০১ জুন ২০২৬, ০৫:৫৯ বিকাল
  • ১২৬৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ফটোকার্ড ও খণ্ডিত বক্তব্য প্রচারে সতর্কতার আহ্বান

ভিউয়ের প্রতিযোগিতায় অপসাংবাদিকতা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

দেশের গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে সেই স্বাধীনতার অপব্যবহার রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় পড়ে অনেক গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই ফটোকার্ড, খণ্ডিত বক্তব্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রচার করছে, যা অপসাংবাদিকতার জন্ম দিচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুমন বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। সরকার গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে সেই স্বাধীনতার সুযোগ নিয়ে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচার বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, অনলাইন প্ল্যাটফর্মে অতিরিক্ত ভিউয়ের লোভে অনেক সময় মনগড়া ফটোকার্ড ও খণ্ডিত ভিডিও (রিলস) প্রচার করা হয়, যার ফলে ভুল বার্তা ছড়ায় এবং সামাজিক বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়। এ ধরনের প্রবণতা থেকে সাংবাদিকদের বেরিয়ে এসে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত প্রেস সচিব বলেন, সরকার প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। তাঁর ভাষায়, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, নিয়মিত তদারকি এবং জনকল্যাণমুখী উদ্যোগ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

ঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঈদ আনন্দের মধ্যেও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছুটি না নিয়ে কাজ করেছেন। তিনি দাবি করেন, ঈদের সময় ও পরবর্তী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে এবং ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি তদারকি করা হয়েছে।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও তাঁর টিম দেশের মানুষের সেবায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। কেউ কেউ দিনে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন। জনগণের কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানান এবং ছুটির পর প্রথম কর্মদিবসে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন, স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এবং শাহারিয়ার পামির প্রমুখ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad