ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মচাঞ্চল্য: দাপ্তরিক কাজে ফিরলেন প্রধানমন্ত্রী, শুরু নতুন কর্মদিবস
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী। সোমবার (১ জুন) সকালে তিনি সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল প্রায় সোয়া ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। দিনের শুরু থেকেই বিভিন্ন প্রশাসনিক ও সরকারি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
ঈদের দীর্ঘ ছুটি শেষে আজ সোমবার থেকে সচিবালয়সহ সারাদেশে সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার মধ্যে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে যোগ দেন। তবে কিছু কর্মকর্তা নির্ধারিত সময়ের পর অফিসে উপস্থিত হয়েছেন বলেও দেখা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে অনেক কর্মকর্তা-কর্মচারী সরাসরি গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরে কাজে যোগ দিয়েছেন।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের বড় একটি অংশ সকালের দিকেই দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। পাশাপাশি সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়েও সময় কাটাতে দেখা গেছে অনেককে।
জনপ্রশাসন, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, গৃহায়ণ ও গণপূর্ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে প্রথম কর্মদিবসে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসে।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সরকারি ছুটি ছিল। দীর্ঘ বিরতির পর সোমবার থেকে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আবারও পুরোদমে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক