বিদ্যুৎ সাশ্রয়ে ফের কঠোরতা: সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ হবে শপিং মল, মার্কেট ও মেলা
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনরায় কার্যকর করেছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা এবং বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কার্যক্রমও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে।
সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে।
বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগে থেকেই শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে এই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষে দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে পূর্বের সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিং মল, মার্কেট ও দোকানকে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের কার্যক্রম শেষ করতে হবে।
এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

প্রথম দর্পণ,ডেস্ক