হরমুজ সংকটের ছায়া: জ্বালানি নিরাপত্তায় ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৩ জুন ২০২৬, ১০:৪০ রাত
  • ১৭৪৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো, যুক্তরাজ্য থেকে দুই কার্গো এবং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়।

সভা সূত্রে জানা গেছে, স্বল্পমেয়াদি চাহিদা পূরণের জন্য ২০২৬ সালের সরবরাহ পরিকল্পনার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তবে এ দুই কার্গোর মূল্য এখনও চূড়ান্ত হয়নি।

এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে আরও তিন কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২৬তম কার্গো ২০২৬ সালের ২৬-২৭ জুন, ২৭তম কার্গো ৩০ জুন-১ জুলাই এবং ২৮তম কার্গো ৬-৭ জুলাই বাংলাদেশের বন্দরে পৌঁছাবে।

সরকারি ক্রয় প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান BP Singapore Pte. Ltd. থেকে এক কার্গো এবং যুক্তরাজ্যভিত্তিক TotalEnergies Gas & Power Limited থেকে দুই কার্গো এলএনজি সংগ্রহ করা হবে।

আন্তর্জাতিক বাজার থেকে এ তিন কার্গো এলএনজি আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ২১ লাখ ১৮ হাজার ৭৮৪ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা ও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সরবরাহ ঝুঁকি বাড়ায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে সরকার এলএনজি আমদানির এই উদ্যোগ নিয়েছে, যাতে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্পখাতে গ্যাস সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad