সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।
বৃহস্পতিবার (৪ জুন) মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন এবং দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর দায়িত্ব গ্রহণের পর থেকেই বর্তমান সরকার জনগণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প ও সেবামূলক কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নারী ক্ষমতায়ন, শিশু সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলও বাংলাদেশের সামাজিক উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এ খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ ব্যক্ত করেন।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,ডেস্ক