ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০৫ জুন ২০২৬, ০৩:১৪ দুপুর
  • ২১৭৪৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে শুক্রবার দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অধিদপ্তরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বৃষ্টিপাতের কারণে দেশের কয়েকটি এলাকায় এই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারাদেশে ভ্যাপসা ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad