স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান গড়ে না ওঠায় প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
ড. মঈন খান বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এটি কি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত ছিল, নাকি তার দীর্ঘদিনের রাজনৈতিক চিন্তা ও উপলব্ধির বহিঃপ্রকাশ ছিল—এসব বিষয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে জিয়াউর রহমানকে নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি।’
তিনি বলেন, স্বাধীনতার জন্য লাখো মানুষ জীবন উৎসর্গ করেছেন। তবে যে বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই লক্ষ্য এখনো পুরোপুরি অর্জিত হয়নি। স্বাধীনতার পর থেকে দেশ নানা রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের রাষ্ট্রীয় অগ্রযাত্রা প্রসঙ্গে মঈন খান বলেন, ‘যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। সে তুলনায় বাংলাদেশের বয়স ৫৫ বছর হলেও এটিকে আর শিশু রাষ্ট্রের অজুহাতে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে এবং দেশ গঠনের কাজকে এগিয়ে নিতে হবে।’
আলোচনায় জিয়াউর রহমানের সামরিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে সাহসিকতার জন্য জিয়াউর রহমান ‘হিলাল-ই-জুরাত’ খেতাব লাভ করেছিলেন। সে সময় তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনা ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা করতেন বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মঈন খান বলেন, অতীতের সরকারগুলো অনেক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। বিএনপি ভবিষ্যতে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক