বাংলাদেশে আজ (বুধবার) পালিত হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। প্রতিবছর ২৯ মে দিবসটি পালিত হলেও এবার ঈদুল আজহার ছুটির কারণে দেশে দিবসটির আনুষ্ঠানিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ১০ জুন।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য উদ্যোগ। তিনি বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও মানবিক সংকটাপন্ন অঞ্চলে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষীরা সাহস, ধৈর্য, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বিশ্বশান্তির মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী অন্যতম শীর্ষ দেশ বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক