বিশ্বকাপের মঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ড্র অনেক দলের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। তবে মরক্কো শিবিরে সেই সন্তুষ্টির ছাপ নেই। বরং শক্তিশালী ব্রাজিলকে রুখে দিয়েও জয় হাতছাড়া হওয়ার আক্ষেপই বেশি মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি ও তার খেলোয়াড়দের মধ্যে।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচের প্রথমার্ধে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা। তবে বিরতির আগেই ব্রাজিলকে সমতায় ফেরান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে উভয় দলই বেশ কয়েকটি আক্রমণ শানালেও আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মরক্কো কোচ মোহাম্মদ উয়াহবি বলেন, “আমরা ভালো খেলেছি এবং জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলাম। কিন্তু ফুটবলে সবসময় পরিকল্পনা অনুযায়ী ফল আসে না। কিছু জায়গায় আমাদের উন্নতির সুযোগ রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি, তারা হতাশ, কারণ তারা ম্যাচটি জিততে চেয়েছিল।”
ড্রয়ের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ রেকর্ডও গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি অর্জন করেছে দলটি। বর্তমানে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এটি যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। একই সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে স্পেনও।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে যাওয়ার কারণ হিসেবে আবহাওয়ার প্রভাবের কথাও উল্লেখ করেন উয়াহবি। তিনি বলেন, “গরম আবহাওয়ার কারণে ম্যাচের গতি কিছুটা কমে গিয়েছিল, যা স্বাভাবিক। এখন আমাদের পুরো মনোযোগ স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে। তাদের খেলার ধরন ব্রাজিলের তুলনায় ভিন্ন, তাই সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।”
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখানো মরক্কো এখন পরবর্তী লড়াইয়ের অপেক্ষায়। আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমির দল। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।
ব্রাজিলের বিপক্ষে অর্জিত এক পয়েন্ট মরক্কোকে গ্রুপে ভালো অবস্থানে রাখলেও কোচ উয়াহবির বক্তব্যে স্পষ্ট—শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়েই এগোতে চায় উত্তর আফ্রিকার দলটি।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স