বিশ্বকাপের মঞ্চে ফিরতে হাইতিকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৫২ বছর। ১৯৭৪ সালের পর আবারও ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নেওয়া ক্যারিবীয় দেশটি স্বপ্ন দেখেছিল স্মরণীয় প্রত্যাবর্তনের। তবে আক্রমণাত্মক ফুটবল খেলেও গোলের দেখা পায়নি তারা। সুযোগ কাজে লাগিয়ে জন ম্যাকগিনের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড।
রোববার বোস্টনে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতিকে ১-০ ব্যবধানে হারায় স্কটিশরা। এই জয়ে ২৮ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফিরে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল স্কটল্যান্ড।
ম্যাচের শুরু থেকেই হাইতি আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয়। ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বল দখল ও আক্রমণে তারা ছিল এগিয়ে। ম্যাচে ৫৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ১৫টি শট নেয় হাইতি, যার দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে স্কটল্যান্ড ৯টি শট নিয়ে লক্ষ্যে রাখতে সক্ষম হয় দুটি।
১৭তম মিনিটে প্রথম বড় সুযোগ পায় স্কটল্যান্ড। স্কট ম্যাকটমিনের শক্তিশালী শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
তবে ২৮তম মিনিটে আর ভুল করেনি ইউরোপের দলটি। ডান প্রান্ত দিয়ে বেন গ্যানন-ডোকের দুর্দান্ত দৌড়ের পর বাড়ানো বলে প্রথমে শট নেন চে অ্যাডামস। হাইতির গোলরক্ষক জনি প্লাসাইড তা প্রতিহত করলেও ফিরতি বলে জোরালো শট নেন জন ম্যাকগিন। ডিফেন্ডারের গায়ে লেগে বলের দিক পরিবর্তন হয়ে জালে জড়ালে এগিয়ে যায় স্কটল্যান্ড।
বিরতির পর সমতায় ফেরার জন্য একের পর এক আক্রমণ চালায় হাইতি। দ্রুতগতির পাল্টা আক্রমণে স্কটিশ রক্ষণকে চাপে রাখলেও শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি তারা। ফলে ম্যাকগিনের করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটল্যান্ড। ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ এক পয়েন্ট করে।
আগামী ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে স্কটল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট ও প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে হাইতি।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স