প্রাথমিকে নাচ-গান বাধ্যতামূলক করার উদ্যোগের বিরুদ্ধে মাঠে খেলাফত মজলিস, দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

  • মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, ০৭:১৫ বিকাল
  • ৭২৭১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সরকারি উদ্যোগের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মামুনুল হক এ উদ্যোগকে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী উল্লেখ করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।

রোববার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠক পরিচালনা করেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

মামুনুল হক বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্রগঠন ও ধর্মীয় শিক্ষার পরিবর্তে সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা আরও জোরদার করার আহ্বান জানান।

এ দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ১৮ জুন ঢাকায় এবং ১৯ জুন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেন তিনি।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, দুর্নীতি, অর্থপাচার এবং ব্যাংক খাতের অনিয়মে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্য ও জনমুখী রাজনৈতিক উদ্যোগের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মামুনুল হক বলেন, বাজেটে সাধারণ মানুষের মৌলিক সমস্যার কার্যকর সমাধানের সুস্পষ্ট রূপরেখা নেই। বিপুল ঘাটতির এ বাজেট ভবিষ্যতে জনগণের ওপর নতুন ঋণ ও করের চাপ সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন গণআন্দোলনে ইসলামী জনতার ভূমিকা থাকা সত্ত্বেও শাপলা চত্বরের নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। একই সঙ্গে কওমি মাদরাসা, ধর্মীয় শিক্ষা ও আলেম সমাজের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগেরও প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।

সাম্প্রতিক বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে খেলাফত মজলিসের আমির বলেন, এর প্রভাব শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ওপর পড়বে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। জনগণের দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সাম্প্রতিক বক্তব্য নিয়েও সমালোচনা করা হয়। নেতারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা যাবে না। সীমান্ত হত্যা, পুশইন, তিস্তা ও অভিন্ন নদীর পানিবণ্টনসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারকে আরও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বৈঠকে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী ও মাওলানা শরীফ সাইদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad