বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিভ্রান্তিকর প্রচারণা ও সস্তা রাজনৈতিক কৌশল পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে হিজাববিরোধী মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। অথচ ওই বক্তব্যে হিজাব প্রসঙ্গই ছিল না। বিষয়টি নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ ইসলামপ্রিয় এবং বিএনপির রাজনীতিতে ইসলামবিরোধী কোনো অবস্থান নেই। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। ফলে বিএনপির বিরুদ্ধে ইসলামবিরোধী প্রচারণার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
যুবদল সভাপতি আরও বলেন, বিএনপি ইসলামের প্রতি শ্রদ্ধাশীল। সমাবেশ চলাকালে আজানের সময় কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়টিও তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
জামায়াতের উদ্দেশে তিনি বলেন, বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা না করে গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি চর্চায় মনোযোগ দেওয়া উচিত।
সমাবেশে আবদুল মোনায়েম মুন্না সতর্ক করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল রাজনৈতিকভাবে তার জবাব দেবে।
এ সময় যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক