“খেলার মাঠে সাফল্য, পড়াশোনায়ও শীর্ষে যেতে হবে—শিক্ষার্থীদের প্রতি তারেক রহমানের আহ্বান”

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমানভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “শুধু খেলাধুলা নয়, লেখাপড়া, গান, বাজনা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমেও দক্ষ হয়ে উঠতে হবে। তবেই একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে তারেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনা করতে হবে এবং বিভিন্ন ধরনের ক্রীড়া ও সৃজনশীল কাজে অংশ নিতে হবে। তার ভাষায়, ক্রিকেট, সাঁতারসহ বিভিন্ন খেলায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও দক্ষ করে তুলতে পারবে।

তিনি জানান, এ বছর দেশের প্রায় ২২ লাখ শিক্ষার্থী এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে। আগামীতে এ আয়োজন আরও বড় পরিসরে মাধ্যমিক পর্যায়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। শুধু অংশগ্রহণ নয়, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো সক্ষমতা অর্জন করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ণিল পরিবেশ সৃষ্টি হয়। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের বালিকা বিভাগের ফাইনাল খেলার উদ্বোধন করেন তিনি এবং মাঠে উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

প্রতিযোগিতার ফলাফলে বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে এই টুর্নামেন্ট আয়োজনের বিষয়টি তুলে ধরা হয়।

শেষে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad