কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার একই গ্রামের পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও স্তব্ধতা।
নিহতরা সবাই কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। তারা হলেন— জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) আল শাহানিয়া শহরের সামাল এলাকায় তারা কর্মস্থলের উদ্দেশে একটি পিকআপ ভ্যানে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। একই ঘটনায় গাড়িচালক, যিনি ভারতীয় নাগরিক, তিনিও প্রাণ হারান।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “আমরা কাতার থেকে পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ দেশে আসার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন হবে।”
এদিকে একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুর খবরে গাছবাড়ি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ