আপিল বিভাগের রায়ে দূর হলো অনিশ্চয়তা, দ্রুত নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ সুগম
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিনের প্রধান শিক্ষক সংকট নিরসনে বড় অগ্রগতি এসেছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়ে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই। ফলে প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত হয়েছে।
বৃহস্পতিবার প্রধান শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এ রায় দেন। আদালতের এ সিদ্ধান্তের ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিদ্যমান আইনি জটিলতার অবসান ঘটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের শূন্যপদ পূরণের লক্ষ্যে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেই কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সরকার বিষয়টির আইনি জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।
আপিল বিভাগের সর্বশেষ রায়ের পর নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে শিক্ষা সংশ্লিষ্টদের ধারণা।

প্রথম দর্পণ,ডেস্ক