নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের নির্যাতনের শিকার অসহায় পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা স্টেশনে গিয়ে তার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
এ সময় বৃদ্ধা বুবির হাতে চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি তাকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
ইউএনও মাসুদ রানা জানান, বৃদ্ধা বুবির সার্বিক দায়িত্ব উপজেলা প্রশাসন গ্রহণ করবে। তার চিকিৎসা, খাদ্যসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তার ওপর নির্যাতন ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জুলাই মেথিকান্দা রেলওয়ে স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী বৃদ্ধা বুবির ওপর নৃশংস নির্যাতন ও লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক জনমতের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয় উপজেলা প্রশাসন এবং ক্ষতিগ্রস্ত বৃদ্ধার পাশে দাঁড়ায়।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ