কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত সংস্কারের পর ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১২ জুলাই) থেকে এ রুটে সব আন্তঃনগর ট্রেন নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করেছে।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হওয়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বন্যা পরিস্থিতির উন্নতি হলে রেলওয়ের প্রকৌশল বিভাগ জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার করে অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
তিনি জানান, রোববার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। একই সঙ্গে ঢাকা–কক্সবাজার, চট্টগ্রাম–কক্সবাজার, কক্সবাজার–চট্টগ্রাম ও কক্সবাজার–ঢাকা রুটের অন্যান্য ট্রেনও নিয়মিতভাবে চলাচল শুরু করেছে।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে দুর্যোগের মধ্যেও দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করেছেন বলেও জানানো হয়।
এদিকে রাজধানী ঢাকায় টানা বর্ষণে তেজগাঁও রেলস্টেশনের কয়েকটি লাইনে পানি জমলেও ট্রেন চলাচল বন্ধ হয়নি। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী ধীরগতিতে ট্রেন পরিচালনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।
রেলওয়ে সূত্র জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রেলপথে ট্রেন চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী অব্যাহত থাকবে।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার