কক্সবাজারের পেকুয়া উপজেলার বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) উদ্যোগে বন্যাদুর্গত তিনটি গ্রামের পাঁচ শতাধিক পরিবারের মধ্যে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে প্রশাসনিক দায়িত্বপূর্ণ পেকুয়া উপজেলার নবগঠিত পেকুয়া সদর ইউনিয়নের বলিরপাড়া, আবাসন প্রকল্প ও মোরারপাড়া এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০০ জন বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ৫১০টি পরিবারের হাতে ৫১০ প্যাকেট শুকনা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিটি ত্রাণ প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম গুড়, ৫০০ গ্রাম লবণ, ১০০ গ্রাম হলুদ ও ১০০ গ্রাম মরিচ।
ত্রাণ বিতরণের পাশাপাশি ড্রোন প্রযুক্তির মাধ্যমে বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে বিজিবি, যাতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়া যায়।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব। তিনি জানান, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে বিজিবির উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রথম দর্পণ,ডেস্ক