কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাফিজ উল্লাহ (৬৬)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আটক হাফিজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে।
কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত জানান, গত শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইনানীর সদস্যরা ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে থাকা সন্দেহভাজন এক যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক