ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের প্রভাব এবার পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গুরুত্বপূর্ণ একটি মহাকাশ যোগাযোগকেন্দ্রে। স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) দাবানলে ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার কেন্দ্রটির সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দূরবর্তী মহাকাশযানের সঙ্গে যোগাযোগ কার্যক্রম অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা চালু রয়েছে বলে জানিয়েছে নাসা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এমডিএসসিসি নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক (ডিএসএন)-এর তিনটি বৈশ্বিক যোগাযোগকেন্দ্রের একটি। এই নেটওয়ার্কের মাধ্যমে গ্যালাক্সির দূরবর্তী অঞ্চলে পরিচালিত বিভিন্ন মহাকাশ মিশনের মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হয়।
নাসার এক মুখপাত্র জানান, দাবানল কেন্দ্রটির এলাকা অতিক্রম করেছে। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত হওয়ার আগে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণ করা সম্ভব হবে না। তিনি বলেন, কেন্দ্রের সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তাই সংস্থাটির সর্বোচ্চ অগ্রাধিকার।
নাসা আরও জানিয়েছে, ডিপ স্পেস নেটওয়ার্কের অন্য দুটি কেন্দ্র—অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোন—স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। ফলে চলমান মহাকাশ মিশনের যোগাযোগ ও সহায়তা কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেনি।
এক বিবৃতিতে নাসা জানায়, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দাবানলে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার পরিবার ও বাসিন্দাদের প্রতিও সংস্থাটি সহমর্মিতা প্রকাশ করছে।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক