চট্টগ্রামের বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সামাজিক শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের সমর্থন থাকলে সরকারের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে আয়োজিত ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সমুদ্র উপকূলে কারখানা নির্মাণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। একই সঙ্গে লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করবে সরকার।
তিনি আরও বলেন, জ্বালানি খাত নিয়ে সরকারের ১০ বছরের একটি পরিকল্পনা সংসদে উপস্থাপন করা হবে। এ সময় বিরোধী দলকে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালীর বাহারছড়া গ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকারের কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জাকির হোসাইন,স্টাফ রিপোর্টার