রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। ওই দিন রিমান্ড শুনানি না হওয়ায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে আসামির সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করে তাদের গ্রেপ্তার, রাষ্ট্রবিরোধী অবৈধ পরিকল্পনার তথ্য উদঘাটন এবং হেফাজতে থাকা অবৈধ ককটেল বোমার উৎসসহ মামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ কারণে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়।
সোমবার দুপুরে পুলিশি পাহারায় সাবেক এমপি আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়। এ সময় তার আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুন সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মহাখালী বাস টার্মিনালসংলগ্ন এলাকায় নিবাস মজুমদারসহ নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মিছিল বের করেন। মিছিল থেকে সরকারবিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড চালানোর অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করে পুলিশ।

প্রথম দর্পণ,ডেস্ক