আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে আফগানিস্তান। একই সঙ্গে এই জয়ের ফলে কাট-অফ তারিখের আগেই বাংলাদেশেরও সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। তবে বড় ধাক্কা খেয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের সমীকরণে সরাসরি বিশ্বকাপের জায়গা হারিয়েছে ক্যারিবীয় দলটি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে থাকায় র্যাঙ্কিংয়ের নবম দলও সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।
আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজের ফলাফল নির্ধারিত হওয়ার পর র্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। আফগানিস্তানও তৃতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে।
বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করা দলগুলো হলো—আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
অন্যদিকে র্যাঙ্কিংয়ের দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে ভারতের বিপক্ষে কাট-অফ তারিখের আগে আরও দুটি ওয়ানডে রয়েছে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠে সরাসরি বিশ্বকাপ খেলার কোনো সম্ভাবনা নেই তাদের।
ফলে ২০২৩ সালের পর এবারও বিশ্বকাপের মূল পর্বে সরাসরি জায়গা করতে ব্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। ২০২৩ বিশ্বকাপে বাছাইপর্বের ‘সুপার সিক্স’ পর্বে পঞ্চম হয়ে বিদায় নিয়েছিল দলটি। এরপর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসর দর্শক হিসেবে দেখতে হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে এবারও বাছাইপর্বের কঠিন পরীক্ষা দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাছাইপর্বে অংশ নিয়ে মূল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে হবে ক্যারিবীয়দের।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স