অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হচ্ছে না জাকের আলী অনিক ও মুশফিক হাসানের। দুজনকেই টেস্ট দল থেকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড।
খুব শিগগিরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সিরিজকে সামনে রেখে জাকের আলী ও মুশফিক হাসান ঢাকায় ‘এ’ দলের ফিটনেস ও স্কিল অনুশীলনে যোগ দেবেন। তাদের জন্য আলাদা পরিকল্পনা নিয়েছে বিসিবি।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ। চোট থেকে সেরে উঠে পুরোপুরি ফিট হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। ফলে ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের একাদশে তার থাকা নিয়ে আর কোনো সংশয় নেই। টপ বা মিডল অর্ডারে লিটনের উপস্থিতি বাংলাদেশের ব্যাটিং শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে চোট কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়া শেষে ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। দ্বিতীয় টেস্টের ভেন্যু ম্যাকেতে দলের সঙ্গে যোগ দিয়ে অনুশীলনে নামবেন শরিফুল।
অর্থাৎ অস্ট্রেলিয়া সফরের টেস্ট স্কোয়াডে পরিবর্তন এনে জাকের আলী ও মুশফিক হাসানকে দেশে ফেরানো হলেও লিটন কুমার দাসের ফিটনেসে স্বস্তি মিলেছে। পাশাপাশি দ্বিতীয় টেস্টের আগে শরিফুল ইসলামের দলে যোগ দেওয়ায় বাংলাদেশের পেস আক্রমণও শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স