ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলা উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে মঙ্গলবার মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযোগকারী কর্ণাটকের এক তরুণী। গত ২৩ জুন মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে ওই তরুণী দাবি করেন, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং তাদের বিয়ের পরিকল্পনাও ছিল। সম্পর্কের সময়ে তারা একসঙ্গে বিদেশেও ভ্রমণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
তবে প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিষয়টি একপর্যায়ে থানায় গড়ালেও তখন কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। পরে গত জুনে ওই তরুণী আবার পুলিশের কাছে অভিযোগ করেন।
অভিযোগের পরও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না—এমন দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পরে আদালত পুলিশকে অভিষেককে খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেন। একই সঙ্গে মামলার তদন্তের স্বার্থে তার ইলেকট্রনিক ডিভাইস জব্দেরও নির্দেশ দেওয়া হয়।
পুলিশের দায়ের করা মামলায় ভারতের নতুন দণ্ডবিধির একাধিক ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ধারাও যুক্ত করা হয়েছে। মামলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন, ভয় দেখানোসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে।
তবে অভিষেক পোড়েল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি বর্তমানে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
ক্রিকেট মাঠেও সাম্প্রতিক সময়ে আলোচনায় ছিলেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়ার পর আইপিএলে সুযোগ পান তিনি। দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন অভিষেক।

প্রথম দর্পণ,ডেস্ক