দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ১১ আগস্ট পর্তুগালের সৈকত শহর কাসকাইসে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তান।
বিয়ের গুঞ্জন কয়েক দিন ধরেই চলছিল। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের খবর নিশ্চিত করেন রোনালদো ও জর্জিনা। প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত। দুজনের অনামিকায় শোভা পাচ্ছে বিয়ের আংটি। ছবির সঙ্গে ভালোবাসার প্রতীক এবং ‘সি’ ও ‘জি’ অক্ষরও যুক্ত করেন রোনালদো।
এর আগে গত বছরের ১১ আগস্ট বাগদানের ঘোষণা দিয়েছিলেন জর্জিনা। ঠিক এক বছর পরই তাদের সম্পর্ক পেল নতুন পরিচয়। প্রায় এক দশকের প্রেমের পর এখন তারা আইনগতভাবে স্বামী-স্ত্রী।
২০১৬ সালে স্পেনের মাদ্রিদে রোনালদোর সঙ্গে জর্জিনার পরিচয় হয়। সে সময় জর্জিনা একটি গুচি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। সেখান থেকেই তাদের পরিচয়, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। ২০১৭ সালের শুরুতে প্রথমবারের মতো জনসমক্ষে একসঙ্গে দেখা যায় তাদের। একই বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রোনালদো।
সময়ের সঙ্গে রোনালদো-জর্জিনা জুটি ফুটবলের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে পরিচিত তারকা দম্পতিতে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ৭৫ কোটিরও বেশি। ফ্যাশন ও ব্যবসাসহ বিভিন্ন খাতেও রয়েছে তাদের বিনিয়োগ।
পরিবারের দিক থেকেও তাদের গল্প বেশ বৈচিত্র্যময়। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ২০১০ সালে জন্ম নেয়। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওর বাবা হন রোনালদো। একই বছর জর্জিনার গর্ভে জন্ম নেয় তাদের মেয়ে অ্যালানা মার্টিনা। ২০২২ সালে যমজ সন্তানের জন্মের সময় ছেলে অ্যাঞ্জেল মারা যায়; মেয়ে বেলা সুস্থভাবে বেঁচে থাকে।
ফুটবল ক্যারিয়ারেও রোনালদোর অর্জনের তালিকা দীর্ঘ। পেশাদার ক্যারিয়ারে ৯৭৬ গোল করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে সাফল্য পাওয়ার পর বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে খেলছেন তিনি। ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন রোনালদো। পর্তুগাল জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ ও গোলের রেকর্ডও তার দখলে।

প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স