উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে ঢাকায় মতবিনিময় সভা

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ১০:৩২ রাত
  • ৪৯৬৯ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকায় মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ। মঙ্গলবার (১১ আগস্ট) বাদ আসর বায়তুল মোকাররম উত্তর গেটসংলগ্ন আল্লামা আহমাদ শফী (রহ.) মিলনায়তনে ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পল্টন জোনের আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আসন্ন জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক উদ্দীপনা ও সাড়া সৃষ্টি হয়েছে। খতমে নবুওয়তের আকিদা মুসলমানদের ঈমানের মৌলিক বিশ্বাসের অংশ। এ বিশ্বাসের সুরক্ষা এবং দীর্ঘদিনের জনদাবিকে সামনে রেখে আগামী ১৫ আগস্টের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শেষ নবী অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে উত্থাপিত হয়ে আসছে। ১৫ আগস্টের সম্মেলনের মাধ্যমে এ দাবিকে আরও সুসংগঠিত ও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশের শীর্ষ উলামা-মাশায়েখসহ সর্বস্তরের আলেম-উলামার ব্যাপক অংশগ্রহণে সম্মেলনটি ঐতিহাসিক রূপ নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনের গুরুত্ব তুলে ধরে মহাসচিব বলেন, ‘এটি শুধু একটি সম্মেলন নয়; খতমে নবুওয়তের আকিদার প্রতি আমাদের অঙ্গীকার, সচেতনতা ও ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ।’ সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে জনমত গঠন এবং গণদাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরাই হবে তাদের প্রধান লক্ষ্য।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান বলেন, খতমে নবুওয়তের চেতনা ঈমানের মূল ভিত্তি। আগামী ১৫ আগস্টের সম্মেলন সফল করতে পল্টন জোনের প্রতিটি স্তরের কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। পল্টন জোন থেকে সর্বাধিক সমাগম নিশ্চিত করতে তারা প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী। এ ছাড়া সহকারী মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফখরুল ইসলাম এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাপক লিফলেট বিতরণ, জনসংযোগ এবং শীর্ষ উলামায়ে কেরামের অংশগ্রহণ নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ১৫ আগস্টের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর খিলগাঁও জোনের উদ্যোগেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ মাগরিব খিলগাঁওয়ে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, কেন্দ্রীয় দাওয়াহবিষয়ক সম্পাদক মুফতি সুলতান আহমাদ, খিলগাঁও থানা সভাপতি মুফতি দেলোয়ার হোসাইনসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad