বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পেছানো হয়েছে। এবার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার পেছাল।
রোববার (৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, রোববার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
যেভাবে চুরি হয় রিজার্ভের অর্থ
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়। সুইফট কোড ব্যবহার করে হ্যাকাররা ওই অর্থ চুরি করে পরে ফিলিপাইনে পাঠিয়ে দেয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকাররা রিজার্ভের অর্থ পাচার করেছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
এ ঘটনায় একই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় মামলা করেন।
মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন-২০০৬-এর ৫৪ ও ৩৭৯ ধারায় করা হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালতে প্রতিবেদন জমার তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক