হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন, গণহত্যার অভিযোগে কারাগারে যাক: আইনমন্ত্রী

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৭ আগস্ট ২০২৬, ০২:১৪ দুপুর
  • ৫১০১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন এবং গণহত্যার অভিযোগের দায় নিয়ে কারাগারে যান। তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে ফেরার কথা বলেছেন। তিনি ফিরে এলে প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন হওয়া উচিত।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আগামী শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার অভিযোগ রয়েছে এবং এসব অভিযোগের সত্যতা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। তিনি বলেন, যদি তিনি সত্যের মুখোমুখি হতে চান, তবে দেশে ফিরে আইনের পথ অনুসরণ করবেন।

বিচার বিভাগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের বিচারব্যবস্থা এমন হওয়া উচিত, যেখানে একজন দরিদ্র ও অসহায় মানুষও সৃষ্টিকর্তার পর সবচেয়ে বেশি আস্থা রাখতে পারেন। তবে বিচার বিভাগে এখনো নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, কেউ বিচার বিভাগের দুর্নীতি, কেউ দালালচক্র বা কাঠামোগত দুর্বলতার কথা বলেন। তবে তাঁর দৃষ্টিতে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধসম্পন্ন বিচারকের অভাব। বিচারকদের উদ্দেশে তিনি বলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন কেবল একটি চাকরি নয়; ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংবিধান ও আইনের আলোকে বিচার নিশ্চিত করাই তাঁদের প্রধান দায়িত্ব।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আলোচনার উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, এতসব অভিযোগ ও ঘটনার পর তিনি জনগণের কাছে কখনও ক্ষমা চেয়েছেন কি না—সেই প্রশ্নও মানুষের বিবেকের কাছে তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad