এমপি গাজী নজরুলের আগাম জামিন, আট সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০৬:২৬ বিকাল
  • ৫৮৭৮ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন। মামলায় গাজী নজরুল ছাড়াও আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোস্তাসিম বিল্লাহ ও রাকিবুল হাসানকে আসামি করা হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওবায়দুর রহমানের ওপর ক্ষুব্ধ হন তিনি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পেছনে ওবায়দুরের হাত রয়েছে—এমন সন্দেহে তাকে মারধর ও হত্যার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ওবায়দুর রহমানের দাবি, তিনি সংসদ সদস্যের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। তিনি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর আপন মামা বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিতর্কের পর জামায়াতে ইসলামী তদন্ত শুরু করে। দলের তদন্তে নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।

মামলাটির পরিপ্রেক্ষিতে গাজী নজরুল ইসলাম হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন এবং নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad