সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
রোববারের ওই অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় এক যৌথ শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, জীবিকার তাগিদে প্রবাসে গিয়ে ১৬ বাংলাদেশির এমন করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এসব প্রবাসী কর্মীর অকালে চলে যাওয়া শুধু তাদের পরিবারের জন্য নয়, গোটা জাতির জন্যও অপূরণীয় ক্ষতি। শোকাহত স্বজনদের এই দুঃসময়ে তারা গভীরভাবে মর্মাহত এবং নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এবি পার্টির নেতারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, প্রবাসী শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। অথচ বিদেশের মাটিতে তাদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠছে। একজন বাংলাদেশি শ্রমিককে শুধু বৈদেশিক মুদ্রা আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা না করে তার জীবন ও নিরাপত্তার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে।
তারা সরকারের প্রতি আহ্বান জানান, নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার পাশাপাশি প্রত্যেক পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করারও দাবি জানান তারা।
শোকবার্তায় আরও বলা হয়, বিদেশে বাংলাদেশি কর্মীদের কর্মস্থল, আবাসন ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ রয়েছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোকে নিয়মিত তদারকি করতে হবে। প্রবাসীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সরকারকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, প্রবাসে দেশের জন্য ঘাম ঝরানো এসব মানুষের স্বজনদের কান্না যেন রাষ্ট্রের দায়িত্বশীলতার ঘাটতির কারণে আরও দীর্ঘ না হয়। এই শোকের সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের নৈতিক ও মানবিক দায়িত্ব।

প্রথম দর্পণ,ডেস্ক