বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদ চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ, বিশেষ করে যুবসমাজ, কারও চোখ রাঙানিকে ভয় করে না। হাজার চেষ্টা করেও কেউ ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে তিনি এসব কথা বলেন। নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও মোহাম্মদ সালাউদ্দিন হত্যার বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার ও বিরোধী দল গত ১৫ বছর মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাব কেন? এই সরকার গঠন হওয়ার পর আমাদের পাঁচজনকে খুন করা হয়েছে। আমরা কি চাই, আবার খুনের রাজত্ব কায়েম হোক? না, চাই না। তাই এখানেই ফুলস্টপ। আর সামনে খুনের দিকে পা বাড়াবেন না।’
তিনি বলেন, ‘এই বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারও চোখ রাঙানিকে ভয় করে না। এ দেশের মানুষ আর ফ্যাসিবাদকে চায় না। তাই আপনারা হাজার চেষ্টা করেও ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়াচ্ছেন।’
জনগণের রায়কে উপেক্ষা করে কেউ টিকে থাকতে পারেনি উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। বৃহত্তর রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যারা বৃহত্তর রংপুরের মানুষকে বঞ্চিত করবে, তারা গণদুশমন।
তিনি আরও বলেন, ‘গায়ে পড়ে ঝগড়া করতে আসবেন না। ২৪-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। যারা চাঁদাবাজি ও দখলদারির নেশায় আসক্ত হয়ে মানুষ খুন করছে, তারা সমাজের আবর্জনা। সমাজ থেকে এসব পরিষ্কার করতে হবে।’
ক্ষমতা চিরস্থায়ী নয় মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতা কারও কোমরের নিচে চিরস্থায়ী নয়। মহান আল্লাহ যাদের সম্মান করে ক্ষমতায় বসান, তাদের আবার আছাড় মেরে টুকরো টুকরো করে দেন।
নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিন হত্যার বিচার দাবি করে তিনি বলেন, প্রশাসন কোনো দলের দলীয় বাহিনী নয়। প্রশাসন এ দেশের সম্পদ। তাদের সবার হয়ে কাজ করতে হবে।
জনসমাবেশে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আমির আব্দুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুরসহ স্থানীয় নেতারা।
এর আগে ডা. শফিকুর রহমান সাঘাটা উপজেলার বোনারপাড়া শিমুলতাইরে নিহত ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন।

প্রথম দর্পণ,ডেস্ক