ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, জামালপুরের সহকারী জজ নিহত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১০ আগস্ট ২০২৬, ০১:১৮ দুপুর
  • ৩০৮২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জামালপুরের এক সহকারী জজ। সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার লাহেড়ীকান্দা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন এ কে এম সামিউল হক (২৮)। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস মিয়া গুরুতর আহত হয়েছেন।

নিহত এ কে এম সামিউল হক জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইসলামপুর আমলি আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা। তাঁর বাবা সাবেক সচিব এ কে এম ফজলুল হক পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটি কাটিয়ে সোমবার ভোরে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুরের কর্মস্থলের উদ্দেশে রওনা হন সামিউল হক। তাঁকে নিয়ে প্রাইভেটকারটি জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ভোর ৪টার দিকে লাহেড়ীকান্দা এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় প্রাইভেটকারটি।

প্রচণ্ড ধাক্কায় প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সঙ্গে ট্রাকে থাকা রড গাড়ির ভেতরে ঢুকে সামিউল হকের শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। চালক ইদ্রিস মিয়াও গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সহকারী জজ এ কে এম সামিউল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালক ইদ্রিস মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল সাকিব বলেন, ছুটি শেষে ঢাকার লালমাটিয়া থেকে কর্মস্থল জামালপুরে ফিরছিলেন সহকারী জজ সামিউল হক। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইসলামপুর আমলি আদালতের সহকারী জজ এ কে এম সামিউল হকের মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে সহকারী জজ সামিউল হকের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জামালপুর আদালত প্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বিচারক, আইনজীবী এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad