রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১১ আগস্ট ২০২৬, ০৪:০৩ দুপুর
  • ৪৪২২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

রাষ্ট্রপতি পদে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি বিএনপি। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে দলটির স্থায়ী কমিটি। প্রধানমন্ত্রীই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ ও গণনার কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের ভেতরেই ভোটগ্রহণ করা হবে এবং সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে হবে।

দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না উল্লেখ করে চিফ হুইপ বলেন, কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তাঁর সংসদ সদস্যপদ থাকবে না।

অন্যদিকে, ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ অধিবেশনকক্ষে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad