সন্ত্রাসের পথ পরিহার না করলে শেখ হাসিনার মতো জামায়াতে ইসলামীরও পতন হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। কুষ্টিয়ায় দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলটি পল্টন মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হাসান আল মামুন বলেন, জামায়াতে ইসলামী সন্ত্রাসের পথ পরিহার না করলে তাদেরও শেখ হাসিনার মতো পতন হবে। কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর রামদা ও হকিস্টিক দিয়ে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হামলায় দলের দুই নেতাকর্মী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান।
তিনি আরও বলেন, হামলায় একজনের পায়ের গোড়ালি কেটে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল তাঁর বক্তব্যে চরম মিথ্যাচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের বক্তব্য সহিংসতাকে উসকে দিচ্ছে বলে মন্তব্য করে হাসান আল মামুন বলেন, গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মী আক্রান্ত হলে দেশের মানুষ বসে থাকবে না।
তিনি বলেন, ২০২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার হলে ১৯৭১ সালের গণহত্যার দায়ে জামায়াতে ইসলামীরও বিচার হওয়া উচিত। ৫ আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার দায় থেকে জামায়াত বের হতে পারবে না এবং তাদের এ দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের এই নেতা।
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে আমির হামজাকে তাঁর কর্মকাণ্ডের জন্য আইনের আওতায় আনার আহ্বান জানান।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য রবিউল হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান হাসান, সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এবং যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসানসহ সংগঠনের নেতারা।

প্রথম দর্পণ,ডেস্ক