ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা আলিয়ায় পাঠকমেলার আলোচনা ও দোয়া

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, ০২:৩০ দুপুর
  • ৪১২৪ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষণীয় বিষয়গুলো তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনা সভা ও আড্ডার আয়োজন করেছে ‘আমার দেশ পাঠকমেলা’র ঢাকা আলিয়া মাদরাসা শাখা।

গত ২৬ আগস্ট বুধবার (১২ রবিউল আউয়াল) ঢাকা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শাখার দায়িত্বশীল সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে মহানবী (সা.)-এর জীবনের বিভিন্ন শিক্ষণীয় দিক এবং তাঁর প্রদর্শিত শান্তি, ন্যায় ও ইনসাফের আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মুসলিম উম্মাহর কল্যাণে তাঁর অবদান ও তাঁর জীবন থেকে বর্তমান প্রজন্মের শিক্ষাগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।

সভাপতির বক্তব্যে ‘আমার দেশ পাঠকমেলা’ ঢাকা আলিয়া মাদরাসা শাখার সভাপতি এম সাব্বির আহমেদ বলেন, তরুণ সমাজের নৈতিক চরিত্র গঠনে রাসুল (সা.)-এর জীবন সর্বোত্তম পথনির্দেশনা। তরুণদের মধ্যে মহানবী (সা.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়াই তাদের আয়োজনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা যদি দৈনন্দিন জীবনে নবীজির শিক্ষা ধারণ করতে পারি, তাহলে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব।’

এ সময় সাধারণ শিক্ষার্থীরাও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুমহান আদর্শ ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে অনুসরণ করা গেলে জীবন আরও সুন্দর, সার্থক ও শান্তিময় হয়ে উঠবে।

আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে হামদ-নাত ও পবিত্র কোরআন থেকে কিরাত পরিবেশন করেন শিক্ষার্থীরা। রাসুলুল্লাহ (সা.)-এর শানে পরিবেশিত নাতে অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আধ্যাত্মিক ও উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

আয়োজকদের ও অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শ অনুসরণের মানসিকতা আরও দৃঢ় করতে ভূমিকা রাখবে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad