অন্যের সন্তানের অন্যায় ঠেকান, নইলে একদিন নিজের সন্তানও জড়াবে: জালাল উদ্দিন

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, অন্যের সন্তান ভেবে কোনো শিশুর অন্যায় কর্মকাণ্ডে বাধা না দিলে একদিন সেই অপরাধ নিজের সন্তানকেও গ্রাস করতে পারে। তাই সমাজে কোনো অন্যায় দেখলে সবাইকে প্রতিবাদ করতে হবে।

শনিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’ প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের প্রসঙ্গ তুলে জালাল উদ্দিন বলেন, ‘অন্যের ছেলে’ ভেবে অন্যায়কে এড়িয়ে গেলে একসময় সেই অন্যায় নিজের সন্তান পর্যন্ত পৌঁছাবে। তিনি বলেন, সামনে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে—অন্যায়কারী যে-ই হোক না কেন। কোনো ধরনের অন্যায়কে সমর্থন করা যাবে না।

শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, তিনি চান ছেলেমেয়েরা মাঠে খেলাধুলা করুক। তবে সন্ধ্যার আগেই, মাগরিবের আজানের আগে তাদের মায়ের কাছে ফিরে যেতে হবে।

সন্ধ্যার পর বিদ্যালয়ের মাঠে জুয়া বা মাদকের আসর বসতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এখানে কোনো জুয়া বা মাদকের আসর বসবে না এবং মাদকের ব্যবসাও চলবে না। এ বিষয়ে স্থানীয়দেরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ‘মেধা অন্বেষণ বৃত্তি-২০২৬’-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অর্থ ও সনদ বিতরণ করা হয়। একই সঙ্গে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

শিমুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ বায়তুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. জুনায়েত ভূঁইয়া মোহন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান খান সুমন, শিমুলিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বলসহ অন্যরা।

তীব্র গরম উপেক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে গত ২৫ জুলাই একই প্রতিষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে মো. জুনায়েত ভূঁইয়া মোহন ফাউন্ডেশন। এতে পাটুয়াভাঙ্গা ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad