রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জি এম কাদের বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনা সমাজ, সভ্যতা ও মানুষের বিবেককে নাড়া দিয়েছে। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং পুরো সমাজকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে।
জি এম কাদের আরও বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কারণ ও বিবরণ গণমাধ্যমে প্রকাশ করেছে, তা নিয়ে জনমনে এবং সচেতন মহলে নানা যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা ও সন্দেহ দূর করা জরুরি।
ঘটনার প্রকৃত নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উন্মোচনের আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। পাশাপাশি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স