রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা: সুষ্ঠু বিচার দাবি জিএম কাদেরের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, ০৪:১০ দুপুর
  • ৪৯৩২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রংপুর মহানগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গভীর শোক ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জি এম কাদের বলেন, একটি পরিবারের চারজন মানুষকে এভাবে ঠান্ডা মাথায় হত্যা করা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় সমাজ, সভ্যতা ও মানুষের বিবেক গভীরভাবে নাড়া দিয়েছে। শিক্ষক দম্পতিসহ একটি পুরো পরিবারের এমন হৃদয়বিদারক পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে ধ্বংস করেনি, বরং এটি পুরো সমাজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি করেছে।

জি এম কাদের আরও বলেন, হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কারণ ও বিবরণ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা নিয়ে জনমনে ও সচেতন মহলে নানা যৌক্তিক প্রশ্ন, সংশয় ও বিতর্ক তৈরি হয়েছে। এসব ধোঁয়াশা দ্রুত দূর করা জরুরি।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো গভীর রহস্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও ইন্ধন ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে।

তিনি দ্রুত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad