এর আগে একই দিন সকালে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও জাতীয় মানবাধিকার কমিশন বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকেন বিরোধী দলের সদস্যরা। পরে তারা ওই বৈঠকও বর্জন করেন।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ এবং ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ উত্থাপন করা হয়। বিল দুটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হলে আলোচনায় অংশ নেওয়ার আগে ওয়াকআউট করেন কমিটির দুই বিরোধী দলীয় সদস্য জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন বৈঠক থেকে ওয়াকআউট করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে বলেন, ‘কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’
বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাসংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বলা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলেও সভায় উল্লেখ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও বৈঠকে জানানো হয়।
এ ছাড়া ২০২৬ সালের ১০ এপ্রিল থেকে নিখোঁজ বাগেরহাটের মোংলার জেলে ও মোটরসাইকেলচালক মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে মত দেন বৈঠকে অংশ নেওয়া সদস্যরা।
বিল সংসদে পাঠানোর সিদ্ধান্তবৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শিরীন সুলতানা অংশ নেন।
সূত্র জানায়, বৈঠকে বিরোধী দলের সদস্য নূরুল ইসলাম বুলবুল ও আবদুল বাতেনও উপস্থিত ছিলেন। কয়েক মিনিট বৈঠক চলার পর ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ নিয়ে আলোচনা শুরু হলে তারা জানান, জাতীয় সংসদে বিলটি উত্থাপনের বিরোধিতা করে তারা ওয়াকআউট করেছিলেন। এরই ধারাবাহিকতায় সংসদীয় কমিটির বৈঠকও বর্জন করবেন বলে জানান তারা।
এরপর তারা বৈঠক থেকে বেরিয়ে যান।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স