শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পাগলীরবিল এলাকার নুরুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক নুরুল আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৫-৬ জন মুখোশধারী সশস্ত্র ব্যক্তি পুলিশ পরিচয়ে বাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে বলেন, বাড়িতে অবৈধ অস্ত্র ও মালামাল রয়েছে। তারা তল্লাশি করবেন এবং তার আগে মূল্যবান জিনিসপত্র নিজেদের হেফাজতে নেওয়ার কথা বলেন।
নুরুল আমিন বলেন, ডাকাতদের কথামতো তিনি আলমিরা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করে দেন। এরপর ডাকাতরা তাকে ও পরিবারের সদস্যদের বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে আটকে রাখে।
তিনি আরও জানান, কিছুক্ষণ পর ডাকাতরা ওই কক্ষে এসে নিজেদের হেফাজতে নেওয়া নগদ ১ লাখ ৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পাগলীরবিলে ডাকাতির ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক