প্রতিনিধিদলে রয়েছেন বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, মিজ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।
সম্মেলনের প্রতিপাদ্য—‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’। এ বিষয়ে আলোচনা, মতবিনিময় ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সম্মেলনের পাশাপাশি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের প্রিমিয়ার এলান উইন্ডের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
এ ছাড়া সিপিসিতে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গণতন্ত্র চর্চা সুসংহত করার অভিন্ন লক্ষ্য অর্জনে সিপিসির নেতৃবৃন্দের সঙ্গে একটি সংসদীয় কর্মশালায়ও অংশ নেবেন বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিরা।
সম্মেলন শেষে আগামী ২০ সেপ্টেম্বর প্রতিনিধিদলটির ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক