চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াতের

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ বিকাল
  • ২৮৮৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য উদ্বেগজনক।

জুবায়ের বলেন, অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়ার মাধ্যমে তার প্রতিকার করা উচিত।

তিনি আরও বলেন, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।

জামায়াতের এই নেতা বলেন, তার দল গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানান এহসানুল মাহবুব জুবায়ের।

তথ্যসূত্র: গণমাধ্যমে পাঠানো জামায়াতে ইসলামীর বিবৃতি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad