মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাওয়ার হ্যামলেটস টাউন হলের একটি কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
এন ইস্ট অ্যান্ড কানেকশন পাবলিকেশনের উদ্যোগে এবং ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ডের অর্থায়নে প্রকাশিত বইটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন, বিকাশ ও বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলার ৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর ও সিভিক মেয়র সয়ফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার কাউন্সিলর মোস্তাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন বেথনাল গ্রিনের ব্যারনেস মঞ্জিলা উদ্দিন।
এ ছাড়া আলোচনায় অংশ নেন সাবেক কাউন্সিলর বদরুল আলম, সাবেক কাউন্সিলর ও ডেপুটি লিডার রাজন জালাল উদ্দিন এবং গ্রন্থকার আহমদ উল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে ১৯৭৮ সালের বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতাদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি স্থাপন, নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই, সামাজিক আন্দোলন এবং ধাপে ধাপে অগ্রযাত্রার বিভিন্ন দিক উঠে আসে।
বক্তারা বলেন, প্রবাসী বাঙালি কমিউনিটির ইতিহাস সংরক্ষণে এ ধরনের প্রকাশনা গুরুত্বপূর্ণ। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পূর্ব লন্ডনে বাঙালিদের বসতি, সংগ্রাম ও অর্জনের ইতিহাস তুলে ধরতে বইটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ভূমিকা রাখতে পারে।
গ্রন্থটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের সাক্ষাৎকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলন, গুরুত্বপূর্ণ ঘটনা এবং কমিউনিটির সংগ্রামের নানা অধ্যায় স্থান পেয়েছে। এর মাধ্যমে পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের একটি গুরুত্বপূর্ণ সময়ের সামাজিক ইতিহাস নথিবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বইটিতে গ্রন্থকার আহমদ উল্লাহরও একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের লেখক, গবেষক ও ইতিহাসচর্চায় আগ্রহীদের প্রবাসী বাঙালির ইতিহাস নিয়ে কাজ করতে উৎসাহিত করবে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট, ১৭ সেপ্টেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক